নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রবিবার পূর্ণ হল টিকাকরণের এক বছর। টিকাকরণের   বর্ষপূর্তি উপলক্ষ্য়ে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন   প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের টুইটার হ্যান্ডেলে মোদির টুইট, ‘টিকাকরণে সঙ্গে যুক্ত সকলকে আমার অভিনন্দন। করোনার বিরুদ্ধে লড়াইয়ে টিকা সকলকে শক্তি জুগিয়েছে। গ্রামের মানুষকে টিকা নিতে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখে আমি নিজেও উজ্জীবিত হয়েছি।’ ভারতে করোনার বিরুদ্ধে লড়াই বিজ্ঞানভিত্তিক বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডব্য। তিনি চিকিৎসক এবং চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত সকলকে অভিনন্দন জানিয়েছেন। 

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ভারতে এখনও পর্যন্ত টিকা নিয়েছেন ১৫৬.৭৬ কোটি মানুষ। করোনা এবং ওমিক্রন আক্রান্তের সংখ্যা যখন উর্ধ্বমুখী, সেই সময় এতসংখ্যক মানুষের টিকা নেওয়ার খবর কিছুটা হলেও যে স্বস্তি দেবে তা বলাই বাহুল্য।  

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন অনুসারে, ৬৮ শতাংশ মানুষ করোনার দুটি টিকা নিয়েছে। বাকিরা এখনও পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন। ভারতে প্রথম টিকাকরণ শুরু হয় গত ১৬ জানুয়ারি। ১৫-১৮ বছর বয়সীদের জন্য কোভিড-১৯ টিকাকরণ শুরু হয় চলতি বছর ৩ জানুয়ারি থেকে

গত এক বছরে আটটি কোভিড টিকাকে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য মান্যতা দেওয়া হয়েছে। তার মধ্যে আছে কোভিশিল্ড, কোভ্যাক্সিন, স্পুটনিক ভি, মডার্না, জনসন এবং জনসনের একক ডোজ ভ্যাকসিন, জাইডাস ক্যাডিলার জাইকোভিড-ডি, কোভোভ্যাক্স এবং কর্বেভ্যাক্স। যদিও টিকাকরণের মূলত কোভ্যাক্সিন এবং কোভিশিল্ডের ব্যবহারই দেখা গিয়েছে।