নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ: তাঁর ইস্তফার সিদ্ধান্ত যেমন চমকপ্রদ, আর ইস্তফার পরের দিন বিজেপিতে যোগদান ততোধিক চমকপ্রদ। শনিবার ইস্তফা দেন আইপিএস অসীম অরুণ। আর রবিবার আনুষ্ঠানিকভাবে পদ্মশিবিরে তিনি যোগ দিলেন।

যোগদানের পাশাপাশি পূর্বতন সমাজবাদি পার্টি সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন প্রাক্তন এই পুলিশকর্তা। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের তিনি বলেন, ‘আগের সরকারের আমলে অপরাধীদের ছেড়ে দেওয়ার জন্য নানা প্রান্ত থেকে চাপ আসত। দলের নেতা-কর্মীরা থানায় বসে পড়তেন। বাধ্য হয়ে অপরাধীদের ছেড়ে দিতাম।’   

প্রশ্ন করা হয়, বিজেপিতে যোগ দেবেন বলেই কি ইস্তফার সিদ্ধান্ত? জবাবে তিনি বলেন, ইস্তফার সিদ্ধান্তের সঙ্গে বিজেপিতে যোগদানের কোনও সম্পর্ক নেই। আর রাজনীতিতে যোগদানের কারণ তিনি জনগণের সেবা করতে চান। যদিও গতকাল তাঁর ইস্তফার পরে পরে জল্পনা তৈরি হয়, প্রাক্তন এই পুলিশকর্তা বিজেপিতে যোগ দিতে পারেন।

সংবাদমাধ্যমের প্রতিনিধিদের বলেন, ‘আমার আরও ন বছরের চাকরি ছিল। কিন্তু কর্মজীবনে জণগনের জন্য কিছুই করতে পারিনি। তাই, রাজনীতিতে যোগাদানের সিদ্ধান্ত নিই। আর বিজেপি একমাত্র দল, যে দলে থেকে কাজ করার সুযোগ রয়েছে। এটাও জানি যে, আগামীদিন খুব একটা মসৃণ হবে না। কারণ, জনকল্যাণকাজে নানা প্রান্ত থেকে বাধা আসবে। আমার বিশ্বাস, সেই বাধা জয় করে এগিয়ে যেতে পারব।‘

কোন কেন্দ্র থেকে দাঁড়াতে চান-এই প্রশ্ন করা হলে প্রাক্তন পুলিশকর্তা বলেন, তাঁর নিজের পছন্দ বলে কিছু নেই। দল যে কেন্দ্র থেকে প্রার্থী করবে, সেই কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন।