নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ: প্রত্যাশামতই দলত্যাগীমন্ত্রী দারা সিং রবিবার সমাজবাদি পার্টিতে যোগ দিলেন। সপা নেতা অখিলেশ যাদবের উপস্থিতিতে দারা সিংয়ের হাতে দলীয় প্রতীক তুলে দেওয়া হয়। দারা সিংয়ের দলবদল যে যোগী সরকারের কাছে অস্বস্তির কারণ হয়ে উঠবে, তা বলাই বাহুল্য।

গত সপ্তাহে বিজেপি শিবিরের মায়া ত্যাগ করেন দারা সিং। ইস্তফার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, যোগী আদিত্যনাথ সরকার অন্যান্য অনগ্রসর শ্রেণির মানুষদের প্রতি বিমাতৃসুলভ আচরণ করেছে। তাদের বঞ্চনা করেছে। খেটে খাওয়া মানুষের সার্বিক কল্যাণের কথা বিন্দুমাত্র চিন্তা করেনি। একমাত্র সমাজবাদি পার্টি উত্তরপ্রদেশের অনগ্রসর শ্রেণির কল্যাণের কথা চিন্তা করে।

ইস্তফার পরে পরে দারা সিংকে প্রশ্ন করা হয়েছিল, তিনি সমাজবাদি পার্টিতে যোগ দেওয়ার ব্যাপারে কিছু চিন্তাভাবনা করেছেন কি না? যদিও সেই সময় তিনি নীরব ছিলেন। তবে রাজনৈতিকমহল নিশ্চিত ছিল, বাকিদের মতো তিনিও অখিলেশের হাত ধরবেন। রাজনৈতিকমহলের আশঙ্কাই সত্যি হল। যোগী-মন্ত্রিসভায় বন ও পরিবেশ মন্ত্রকের দায়িত্বে ছিলেন দারা সিং।

ইতোমধ্যে স্বামী প্রসাদ মৌর্য এবং পাঁচ বিজেপি বিধায়ক সমাজবাদি পার্টিতে যোগ দিয়েছেন। পদ্মশিবির থেকে একের পর এক নেতা-মন্ত্রী ইস্তফায় রীতিমতো আতঙ্কিত যোগী এবং তাঁর সঙ্গী-সাথিরা। আগামীদিনেও বেশ কয়েকজন হেভিওয়েট নেতা শিবির ছাড়তে পারেন বলে মনে করছে রাজনৈতিকমহলের একাংশ। তার একটা ইঙ্গিতও এদিন দিয়ে রেখেছে দারা সিং। আগামীদিনে কারা ইস্তফা দেয় সেদিকে তাকিয়ে সকলে।বিশেষ করে অপেক্ষায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং তাঁর ঘনিষ্ঠমহল।