নিজস্ব প্রতিনিধি: পাগলা দাশুর মতো আবার সে এসেছে ফিরিয়া।

বৃষ্টির ভ্রুকুটি কাটিয়ে শনিবার থেকেই আকাশ পরিষ্কার হয়েছে। রাতের তাপমাত্রা খানিকটা হলেও নেমেছে। লেপ কম্বল যা তুলে রাখা হয়েছিল, আবার তা যথাস্থানে।

রবিবার ভোর থেকেই কলকাতার আকাশ ছিল কুয়াশাচ্ছন্ন। হাওয়া অফিস জানিয়েছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে। সোমবারের পর থেকে আবার আবহওয়া স্বাভাবিক হতে থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অর্থাৎ, সে আসছে।

কলকাতা এবং কলকাতা সন্নিহিত এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল, সোমবারও এই তাপমাত্রার তেমন হেরফের হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, জানা গিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কেটে যাবে এবং পরে পরিষ্কার আকাশ উঁকি দেবে। আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে,  আগামী দু’দিনে সামান্য কমতে পারে তাপমাত্রা।