আন্তর্জাতিক ডেস্ক: নতুন বছরের শুরুতেই জেল থেকে মুক্ত হলেন সৌদি রাজকুমারী বাসমা বিনত সৌদ। তাঁর সঙ্গেই মুক্তি দেওয়া হয়েছে তাঁর মেয়ে সুহাউদকে। শনিবার এক টুইট বার্তায় এ খবর জানিয়েছে মানবাধিকার সংগঠন আলকোয়েস্ট। যদিও মুক্তি পাওয়ার পরে রাজকুমারী বাসমা কোথায় গিয়েছেন, সে সম্পর্কে কিছু জানা যায়নি।

রাজ পরিবারের সদস্য হওয়া সত্বেও সৌদির পর্দানসীন মেয়েদের অধিকার নিয়ে লড়াইয়ে নেমেছিলেন ৫৭ বছর বয়সী রাজকুমারী বাসমা বিনত। যদিও তাঁর ওই বিপ্লব পছন্দ করেন সৌদির বর্তমান যুবরাজ সলমান। ২০১৯ সালে চিকি‍ৎসার জন্য সুই‍ৎজারল্যান্ডে উড়ে যাওয়ার আগেই আচমকা গ্রেফতার করা হয় বাসমা বিনতকে। তার পর থেকে আল-হাইর কারাগারে বন্দি ছিলেন তিনি।

তাঁর পরিবারের পক্ষ থেকে একাধিকবার অভিযোগ করা হয়েছে, জেলে অসুস্থ হয়ে পড়লেও বাসমাকে প্রয়োজনীয় চিকি‍ৎসা দেওয়া হচ্ছে না। বিনা চিকি‍ৎসায় জেলের কুঠুরির মধ্যেই তাঁকে হত্যা করার চেষ্টা চলছে বলেও বিস্ফোরক অভিযোগ তোলা হয়েছিল। একাধিক মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে জেলে গিয়ে বাসমা বিনতের সঙ্গে দেখা করার আর্জি জানানো হয়েছিল। যদিও সেই আর্জিতে কর্ণপাতই করেনি সৌদির শাসকরা।

টানা তিন বছর জেলে বন্দি থাকলেও রাজকুমারী বাসমার বিরুদ্ধে কোনও সুনির্দিষ্ট অভিযোগ আনতে পারেনি সৌদির শাসকরা। অর্থা‍ৎ শুধুমাত্র প্রতিশোধস্পৃহা থেকেই যে বাসমাকে জেলে আটকে রাখা হয়েছিল, তা স্পষ্ট। সৌদি রাজকুমারী ও তাঁর কন্যার জেলমুক্তি নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি সৌদির প্রশাসনিক আধিকারিকরা।