নিজস্ব প্রতিনিধিঃ দিন দিন রাজ্য সহ গোটা জুড়ে বাড়ছে সাইবার প্রতারণা। আর তা নিয়ে বারবার সতর্ক করেছেন পুলিশ ও সাইবার বিশেষজ্ঞরা। এই আবহে এবার খাস কলকাতার ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে পড়লেন এক মহিলা। খোয়ালেন প্রায় ৫৭ লক্ষ টাকা। জানা গিয়েছে, সিবিআই অফিসারের পরিচয় দিয়ে এই প্রতারণার ঘটনাটি ঘটে।
পুলিশ সুত্রে খবর, রুবি মোড়ের কাছে একটি আবাসনের বাসিন্দা অনিতা বাগচি। তাকে ছটপুজোর দিন এক মহিলা ভিডিও কল করেন। তারপর হিন্দিতে ওই জানান, অনিতার সঙ্গে সুরেশ কুটে নামে একজন ব্যক্তির জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে। তাতে লক্ষ লক্ষ টাকার অবৈধ টাকা রয়েছে। সেইজন্য তাঁকে ডিজিটাল অ্যারেস্ট করা হয়েছে। তারপরেই ভয় দেখিয়ে দফায় দফায় টাকা চায় ওই মহিলা।
এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে অনিতা জানান , ‘ গ্রেফতারির কথা শুনে প্রথমেই ভয় পেয়ে যাই। আমায় একটি ফর্ম পাঠায় সেখানে লেখা থাকে অ্যাকাউন্ট নম্বর। আর সেখানেই আমি প্রথমে ৩০ লক্ষ টাকা পাঠাই। এরপর ফের গত ১৯ নভেম্বর আমি ১২ লক্ষ ৫০ হাজার টাকা পাঠাই ওই অ্যাকাউন্টে। কিন্তু বারবার টাকা চাওয়াতেই সন্দেহ হতে আমি পুলিশকে জানাই। আর এখন আমি সব টাকা খুইয়ে সর্বস্বান্ত।‘ ইতিমধ্যেই এই পুরো ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।