নিজস্ব প্রতিনিধি, মুম্বই: অপেক্ষার অবসান। আজ মঙ্গলবার দুপুরে দুবাইয়ে বসতে চলেছে আগামী বছরের আইপিএল সংস্করণের জন্য নিলামের আসর। আর ওই আসর বসার আগেই নিজেদের নাম প্রত্যাহার করে নিলেন দুই তারকা ক্রিকেটার। তার মধ্যে একজন বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার ক্রিকেটার। অন্যজন টি টোয়েন্টি চ্যাম্পিয়ন ইংল্যান্ডের।

মঙ্গলবার আইপিএলের নিলামে মোট ৩৩৩ ক্রিকেটারকে তোলা হচ্ছে। কিন্তু সমস্যা দেখা দিয়েছে পরবর্তী আইপিএলের আসর বসার দিনক্ষণ নিয়ে। এপ্রিলে শুরু হওয়ার কথা থাকলেও লোকসভা ভোটের কারণে আইপিএলের আসর এগিয়ে এনে ২২ মার্চ থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে আইপিএল গভর্নিং কাউন্সিল। চলবে মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত। কিন্তু মার্চ এবং এপ্রিলে তাঁর পক্ষে আইপিএল খেলা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন অজি বোলার জোস হ্যাজলউড। কেননা, ওই সময় তাঁর স্ত্রীর সন্তান প্রসবের কথা রয়েছে। আর প্রথমবার সন্তান প্রসবের সময়ে স্ত্রীর পাশে থাকতে চান অজি পেসার। মে মাসের প্রথম সপ্তাহের আগে তাঁকে পাওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছেন হ্যাজলউড। উল্লেখ্য রয়্যাল চৃআলেঞ্জার্স বেঙ্গালুরু ইতিমধ্যে্‌ই অজি তারকা বোলারকে ছেড়ে দিয়েছে। যদিও নিলামে তাঁর ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি টাকা।

হ্যাজলউডের পাশাপাশি নিলামের আসর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ইংল্যান্ডের লেগ স্পিনার রেহান আমেদ। নিলামে তাঁর ভিত্তিমূল্য ধরা হয়েছিল ৫০ লক্ষ টাকা। দুই তারকা খেলোয়াড় নাম প্রত্যাহার করে নিলেও মঙ্গলবারের নিলামে অজি অধিনায়ক প্যাট কামিংস, মিচেল স্টার্ক, হ্যারি ব্রুক, জেরাল্ড কোয়ে‍ৎজিরা মহানায়ক হয়ে উঠতে পারেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তাঁদের পেতে ফ্র্যাঞ্চাইজি দলগুলি টাকার থলি হাতে ঝাঁপাতে চলেছে বলে আভাস মিলেছে।