নিজস্ব প্রতিনিধি : এবার অনলাইন প্রতারকদের হাতে এসে গিয়েছে নতুন অস্ত্র। অনলাইন প্রতারণায় এবার ব্যবহার করা হচ্ছে কিউ আর কোড। সাধারণ মানুষ থেকে শুরু করে ভিভি আইপি, সকলেই এখন অনলাইনের ফাঁদে পড়ছেন। যেভাবে এই প্রতারণা জাল বিছোচ্ছে, তাতে এখন থেকেই যথেষ্ট সতর্ক প্রশাসন।

সাধারণ মানুষ যাতে অনলাইন প্রতারণার ফাঁদে পা না দেন, সেজন্য বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। সেই সব সতর্কমূলক ব্যবস্থায় বলা হয়েছে, কোনও ব্যক্তি যেন ইউপিআই আইডি, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য বা ওটিপি না জানান। পাশাপাশি আরও একটি বিষয় জানানো হয়েছে প্রশাসনের তরফে। সেখানে বলা হয়েছে, কিউ আর কোড সাধারণত টাকা দেওয়ার সময় ব্যবহার করা হয়। কিন্তু কেউ যদি টাকা নেওয়ার সময় কিউ আর কোড স্ক্যান করার জন্য চাপ দেয়, সেটা এড়িয়ে চলাই ভালো।

আরও একটি বিষয় জানানো হয়েছে, প্রয়োজন না হলে কেউ যেন মোবাইল নম্বরের মাধ্যমে টাকা লেনদেন না করেন। সেইসঙ্গে টাকা পাঠানোর আগে গ্রাহকের নাম ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্যও যেন খতিয়ে দেখা হয়।