নিজস্ব প্রতিনিধি- খাস কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মঙ্গলবার দুপুরে। ঘটনাটি ঘটেছে উল্টোডাঙ্গার মুরারিপুকুরে। সেখানে একটি গুদামে আচমকা আগুন লাগে। জানা যায়, গুদামের ভিতরে প্রচুর দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন এসে পৌঁছেছে। দমকলকর্মীদের বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় বাসিন্দাদের তরফে জানা গিয়েছে, মুরারিপুকুরের যেখানে আগুন লাগার ঘটনাটি ঘটেছে, সেখানে একটি মার্বেলের গুদাম ছিল। ভিতরে প্রচুর দাহ্য পদার্থও মজুত ছিল। ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ঘন জনবসতির মধ্যে আগুন লাগায় এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারাই প্রথমে দমকলকে খবর দেয়। আগুন লাগার খবর পেয়েই প্রথমে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের পাঁচটি ইঞ্জিন। এরপর আগুন নিয়ন্ত্রণে আনতে আরও পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়।

তবে কী কারণে এই আগুন লাগল, তা এখনও জানা যায়নি। পুলিশ ও দমকল আধিকারিকরা গোটা বিষয়টি খতিয়ে দেখছে।