আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের অন্যতম দেশ পোল্যান্ডের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন ডোনাল্ড টাস্ক। গতকাল সোমবার (১১ ডিসেম্বর) পোল্যান্ডের সংসদ সেজামে আস্থা ভোটে হেরে গিয়েছেন মাতিউস মোরাওয়েকি। সংসদে ভোটাভুটিতে ১৯০ সদস্য মোরাওয়েকির পক্ষে ভোট দিলেও বিপক্ষে ভোট দিয়েছেন ২৯৯ জন। আর আস্থা ভোটে প্রধানমন্ত্রী মোরাওয়েকির পরাজয়ের পরেই পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হন টাস্ক। ৪৬০ আসন বিশিষ্ট সংসদে তিনি ২৪৮ সদস্যের সমরথন পেয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, গত অক্টোবরে পোল্যান্ডে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সরকার গড়ার মতো প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনও দলই। বিদায়ী প্রধানমন্ত্রী মাতিউস মোরাওয়েকির নেতৃত্বাধীন পপুলিস্ট ল’ অ্যান্ড জাস্টিস পার্টি (পিআইএস)একক বৃহত্তম দলের মর্যাদা লাভ করে। কোনও দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এবং জোট বেঁধে কেউ সরকার গঠনে এগিয়ে না আসায় প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা মোরাওয়েকিকে প্রধানমন্ত্রী হিসেবে সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য মনোনীত করেন।  কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পরেও সংখ্যাগরিষ্ঠতার জন্য অন্য কোনও দলকে পাশে টানতে পারেননি তিনি। সরকার গঠনের জন্য শরিক জোগাড় করতে গিয়ে চার সপ্তাহের বেশি সময় নষ্ট করেছেন মোরাওয়েকি।

সোমবার মোরাওয়েকি আস্থা ভোটে হারার পরেই প্রধানমন্ত্রী হিসাবে ডোনাল্ড টাস্ককে নির্বাচিত করেছে পোল্যান্ড সংসদ। ২০০৭ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত পোল্যান্ডের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন টাস্ক। পরে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্টের দায়িত্বও সামলেছিলেন। আগামিকাল বুধবারের মধ্যেই নয়া মন্ত্রিসভা গড়তে পারেন টাস্ক। পোল্যান্ডের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পাওয়ার পরেই চলতি সপ্তাহের শেষে ইইউর এক সম্মেলনে যোগ দিতে ব্রাসেলসে যাওয়ার কথা তাঁর।