নিজস্ব প্রতিনিধি: এই প্রথম আন্তর্জাতিক ক্রিকেটের ময়দানে অভিষেক হচ্ছে  রূপান্তরিত মহিলা খেলোয়াড় ড্যানিয়েলে ম্যাকগাহি। জানা গিয়েছে,২৯ বছর বয়সী এই মহিলা ব্যাটার আগামী ৪ সেপ্টেম্বরই তেড়েফুঁড়ে ময়দানে নামার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছেন। ২০২৪ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আঞ্চলিক বাছাইপর্বে কানাডার হয়ে খেলবেন তিনি। অন্যদিকে, আগামী বছরের সেপ্টেম্বর-অক্টোবরে মেয়েদের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশে।

আইসিসি সূত্রে জানা গিয়েছে,  রূপান্তরিত মহিলা খেলোয়াড়ের স্বীকৃতি পেতে যে মানদণ্ড নির্ধারণ করা আছে, ম্যাকগাহি ইতিমধ্যেই সেটি পূরণ করে ফেলেছেন। তবে নারীদের লিঙ্গভিত্তিক অধিকার সুরক্ষায় কাজ করা ‘উইমেনস রাইটস নেটওয়ার্ক’ রূপান্তরিত খেলোয়াড়েরা ‘তাৎপর্যপূর্ণ সুবিধা’ পেয়ে থাকেন। তাই আইসিসির সিদ্ধান্ত ‘অন্যায্য ও অনিরাপদ’।

তবে সম্প্রতি, জনপ্রিয় খেলাগুলোর মধ্যে ফুটবল আর ক্রিকেটে রূপান্তরিত নারীদের মেয়েদের দলে খেলার সুযোগ আছে। অন্যদিকে অ্যাথলেটিকস, সাঁতার, সাইক্লিং ও রাগবিতে মেয়েদের ইভেন্টে রূপান্তরিত নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ।

সূত্রের খবর, ম্যাকগাহির জন্মসূত্রে অস্ট্রেলিয়ার নিবাসী। ২০২০ সালের ফেব্রুয়ারিতে কানাডায় পাড়ি দেওয়ার আগে মেলবোর্নের একটি ক্লাবে পুরুষ দলের হয়ে খেলতেন। কানাডায় যাওয়ার পর খেলতেন সাচকাচুয়ান প্রদেশের ক্যাভালিয়ার্স সিসির হয়ে। ওই একই বছরের নভেম্বরে সামাজিকভাবে নারীতে রূপান্তর হওয়ার প্রক্রিয়া শুরু করেন তিনি। মেডিক্যালি-রূপান্তর শুরু হয় ২০২১ সালের মে মাসে।

গত বছর অক্টোবরে কানাডার হয়ে ব্রাজিলে সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপে চারটি ম্যাচও খেলেছেন ম্যাকগাহি। যদিও সেই ম্যাচগুলি আইসিসি স্বীকৃত ছিল না। এখন পাখির চোখ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমেরিকা অঞ্চলের বাছাই দিয়ে অভিষেক হতে যাচ্ছে ম্যাকগাহির। ৪ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলসে ব্রাজিলের মুখোমুখি হতে চলেছে ম্যাকগাহির কানাডা।