নিজস্ব প্রতিনিধি: কথায় আছে জন্ম, মৃত্যু, বিয়ে, তিন বিধাতা নিয়ে। তাই কখন কার মৃত্যু হবে তা কেউ বলতে পারে না। আর বিয়েটাও ঈশ্বরের পরিকল্পনা মাফিক। কখন যে কার সঙ্গে কার ভাগ্য জুড়ে রয়েছে, তা নিজেরও কল্পনার বাইরে। কিন্তু আপনি যদি আগে থেকে জেনে যান, মৃত্যু আপনার খুবই কাছে?  তখন আপনার শেষ ইচ্ছে কী হতে পারে? যাদের অল্প বয়সেই মৃত্যু হয়েছে, তাঁরা হয়তো জীবনের অপূর্ণ ইচ্ছেটুকুও মিটিয়ে যেতে পারেনি। এমন উদাহরণ লাখ লাখ রয়েছে আমাদের পৃথিবীতে। তবে আজকে যে ঘটনাটি আপনাদের জানাতে চলেছি, তা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠতে বাধ্য। শুনে মনে হবে, যেন পুরোটাই সিনেমা! ১০ বছরের বালিকা, লিউকেমিয়ায় আক্রান্ত। মৃত্যুর আগেই পূর্ণ হল তাঁর ইচ্ছে।

মার্কিন সংবাদপত্র ‘নিউইয়র্ক পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, ছোট বেলাতেই এমা এডওয়ার্ডসের শরীরে বাসা বেঁধেছিল মারণ ক্যান্সার। ছোট বেলা থেকেই মনে মনে বন্ধু ড্যানিয়েল মার্শাল ক্রিস্টোফারকে (Emma Edwards and Daniel Marshall Christopher) বিয়ে করার স্বপ্ন দেখছিল এক রত্তি এমা। কিন্তু তার সেই ইচ্ছা আদৌ পূরণ হবে কিনা তা নিয়ে সংশয় ছিল। পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে বন্ধু ড্যানিয়েলের সঙ্গে প্রণয়সূত্রে বাঁধা পড়ার মনোবাসনা ছিল। কিছুদিন আগে চিকিৎসকরা এমার বাবা-মাকে জানিয়ে দেন, তাঁদের মেয়ের জীবনদীপ যে কোনও দিন নির্বাপিত হতে পারে। কারণ মারণ রোগ ক্যান্সার শেষ পর্যায়ে রয়েছে। হাতে খুব কম সময়। ওই কথা শুনে মেয়ের শেষ ইচ্ছে পূরণে নেমে পড়েন এমার বাবা অ্যারন ও মা অ্যালিনা এডওয়ার্ডস।

গত ২৯ জুন ড্যানিয়েল মার্শাল ক্রিস্টোফারের সঙ্গে এমার বিয়ের আয়োজন করা হয়।  প্রায় শ’খানেক অতিথি উপস্থিত ছিল অনুষ্ঠানে। স্বপ্ন প্রেমিকের সঙ্গে বিয়ের জন্য এমাকে হুইলচেয়ারে চাপিয়ে নিয়ে যাওয়া হয়েছিল অনুষ্ঠানে। এমনকি বিয়ের পরে নবপরিণীতার গালে ভালবাসার চুম্বনও এঁকে দিয়েছিল ড্যানিয়েল। আর ওই বিয়ের ১২ দিন বাদেই নতুন জীবনসঙ্গী, বাবা-মা’কে ছেড়ে চির ঘুমের দেশে পাড়ি দিয়েছে ১০ বছরের এমা।