আন্তর্জাতিক ডেস্ক: মাসাধিককাল ধরে নিখোঁজ কিন গ্যাংকে বিদেশ মন্ত্রীর পদ থেকে সরিয়ে দিলেন চিনের প্রেসিডেন্ট শি চিনফিং। আপাতত বিদেশ মন্ত্রীর দায়িত্বে ফিরিয়ে আনা হয়েছে  প্রাক্তন বিদেশ মন্ত্রী ও দেশের কূটনৈতিক বিষয়ক উপদেষ্টা ওয়াং ই-কে। মঙ্গলবার চিনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ‘সিসিটিভি’ এ খবর জানিয়েছে।

গত ২৫ জুনের পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি চিনের বিদেশ মন্ত্রী কিন গ্যাংকে। ওই দিন বেজিংয়ে রাশিয়া, ভিয়েতনাম ও শ্রীলঙ্কার প্রতিনিধিদের সঙ্গে শেষ বার দেখা গিয়েছে তাঁকে। তার পরেই কর্পূরের মতো উবে গিয়েছিলেন তিনি। আশিয়ান বৈঠকে যোগ দেননি কিন গ্যাং। এমনকি ৫ জুলাই ইউরোপীয় ইউনিয়নের বিদেশ নীতির প্রধান জোসেফ বোরেলের সঙ্গে চিনের বিদেশ মন্ত্রীর বৈঠক আচমকাই বাতিল করে দেওয়া হয়। তার পরেই প্রশ্ন ওঠে, কোথায় গেলেন চিনের বিদেশ মন্ত্রী, কেন একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে তাঁকে দেখা যাচ্ছে না তা নিয়ে সংবাদমাধ্যমে এবং কূটনৈতিক মহলে ব্যাপক জল্পনা শুরু হয়। পরিস্থিতি সামলাতে আসরে নেমেছিলেন চিনের বিদেশ মন্ত্রকের পদস্থ আধিকারিক ও মুখপাত্ররা। তাঁদের দাবি, অসুস্থতার কারণেই কিন গ্যাংকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না। যদিও ওই যুক্তি বড্ড ছেঁদো শোনাচ্ছিল।

পশ্চিমী একাধিক সংবাদমাধ্যমের দাবি,  টেলিভিশন উপস্থাপক ফু জিয়াওশিয়ানের সাথে কিনের অবৈধ সম্পর্ক রয়েছে। আর ওই সম্পর্কে যথেষ্টই অস্বস্তিতে পড়েছেন চিনের প্রেসিডেন্ট শি চিনফিং। কেননা যার সঙ্গে বিদেশ মন্ত্রীর প্রেমের সম্পর্ক সেই ফু জিওয়াওশিয়ানের মার্কিন নাগরিকত্ব রয়েছে। আর ওয়াশিংটনের সঙ্গে বেজিংয়ের সম্পর্ক গত কয়েক বছর ধরেই তলানিতে।