নিজস্ব প্রতিনিধি: রাজধানীর গুলিস্তানে (Gulistan) বিস্ফোরণের (Blast) ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হল ১৮। এখনও পর্যন্ত ১০ জন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন হাসপাতালে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে এই বিস্ফোরণ স্বাভাবিক বিস্ফোরণ নয় বলে মনে করছেন র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের প্রধান মেজর মশিউর রহমান।

বুধবার দুপুরে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের প্রধান মেজর মশিউর রহমান সাংবাদিকদের বলেন, ‘আমরা প্রাথমিকভাবে তথ্য পেয়েছি ভবনের বিস্ফোরণ বেজমেন্ট থেকে হয়েছে। এটি স্বাভাবিক কোনো বিস্ফোরণ নয়। গ্যাস জমে কিংবা অন্য কোনোভাবে বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনা এসি থেকে ঘটেনি, এটা নিশ্চিত হয়েছি।’

মঙ্গলবার বিকেল চারটে ৫০ মিনিট নাগাদ গুলিস্তানের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের উল্টোদিকে থাকা সিদ্দিক বাজারে সাধনা ঔষধালয়ের পাশের সাত তলা ভবনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় এখন পর্যন্ত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ, যাদের মধ্যে ৭০ জনকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন ১০ জন, যাদের প্রত্যেকেই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।