নিজস্ব প্রতিনিধি, নয়ডা: উজবেকিস্তানে সংস্থার তৈরি কাশির সিরাপ খেয়ে ১৮ শিশু মৃত্যুর ঘটনায় ম্যারিয়ন বায়োটেকের তিন আধিকারিককে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। বৃহস্পতিবারই সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের (সিডিএসসিও) পক্ষ থেকে ক্ষতিকর কাশির সিরাপ তৈরির জন্য ম্যারিয়ন বায়োটেকের পাঁচ আধিকারিকের নামে অভিযোগ দায়ের করা হয়েছিল। ওই অভিযোগ পেয়েই বিশেষ তল্লাশি চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হলেন সংস্থার অপারেশন হেড তুহিন ভট্টাচার্য, কেমিস্ট অতুল রাওয়াত ও অ্যানালাইটিক্যাল কেমিস্ট মোল সিং। বাকি দুই আধিকারিকের খোঁজে তল্লাশি চলছে।

গত বছর উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে অভিযোগ করা হয়, উত্তরপ্রদেশের নয়ডায় অবস্থিত ম্যারিয়ন বায়োটেকের তৈরি কাশির সিরাপ ‘ডক-১ ম্যাক্স’ খেয়ে ১৮টি শিশু মৃত্যুর কোলে ঢলে পড়েছে। ক্লিনিকাল পরীক্ষায় জানা গিয়েছে সংস্থার তৈরি কাশির সিরাপে ডাইইথিলিন গ্লাইকল ও গ্লাইকলের মাত্রা অত্যধিক বেশি। ওই অভিযোগের পরেই তদন্ত শুরু করে বিশ্ব স্বাস্থ্যের নিয়ামক সংস্থা। চলতি বছরের জানুয়ারি মাসে এক বিবৃতিতে ‘হু’ র পক্ষ থেকে জানানো হয়, ম্যারিয়ন বায়োটেকের তৈরি কাশির দুটি সিরাপই নিম্নমানের।

ভারতীয় সংস্থার তৈরি কাশির সিরাপ খেয়ে উজবেকিস্তানে ১৮ শিশুর মৃত্যুর ঘটনার পরে যথেষ্টই অস্বস্তিতে পড়তে হয় মোদি সরকারকে। উত্তরপ্রদেশের খাদ্য নিরাপত্তা ও ওষুধ প্রশাসন বিভাগ সংশ্লিষ্ট ওষুধ প্রস্তুতকারী সংস্থা ম্যারিয়ন বায়োটেকের ওষুধ প্রস্তুতের লাইসেন্স সাসপেন্ড করে দেয়।