নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: দুঃখপ্রকাশেও লাভ হল না। মার্কিন আকাশে চিনা বেলুন নিয়ে বিতর্কের জেরে বেজিং সফর স্থগিত রাখলেন আমেরিকার বিদেশ মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। আগামী সপ্তাহেই চিনে যাওয়ার কথা ছিল তাঁর। চিনের বিদেশ মন্ত্রী কিন গ্যাংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসার কথা ছিল। কিন্তু নজরদারি বেলুন নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেওয়ায় বেজিং সফর স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন ব্লিঙ্কেন। যদিও এ বিষয়ে এখনও মার্কিন বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

গত বুধবারই মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশে একটি বিশালাকায় চিনা বেলুন উড়তে দেখা যায়। আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকদের অভিযোগ, গুপ্তচরগিরি করার উদ্দেশ্য নিয়েই ওই বেলুন পাঠিয়েছে বেজিং। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ও পারমাণবিক ঘাঁটিগুলি সম্পর্কে গোপন তথ্য হাসিল করতেই এমন অপকর্ম করেছে বেজিং। প্রথমে বেলুনটি গুলি করে নামানোর সিদ্ধান্ত নেওয়া হলেও ধ্বংসাবশেষ পড়ে সাধারণ মানুষের ক্ষতি হতে পারে তার জন্য শেষ মুহুর্তে ওই সিদ্ধান্ত থেকে পিছু হঠে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রক। চিন অবশ্য এদিন সন্ধ্যায় জানিয়েছেন, পথ ভুল করে মার্কিন আকাশে ঢুকে পড়েছে বেলুনটি। তবে কোনও নজরদারির কাজে নয়, আবহাওয়ার পূর্বাভাস জানতেই ওই বেলুন ব্যবহার করা হয়।

নজরদারি বেলুন নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে যে উত্তেজনা তৈরি হয়েছে তার পরিপ্রেক্ষিতে বেজিং সফর স্থগিত রেখেছেন মার্কিন বিদেশ মন্ত্রী। তাঁর ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, চিনের বিদেশ মন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠকে নজরদারি বেলুন বেশি গুরুত্ব পাক তা চাইছেন না ব্লিঙ্কেন। তাই সফর স্থগিত রেখেছেন।