নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর : দল ছেড়ে আসার পর কংগ্রেস আমার দিকে মিসাইল ছুড়ছে। কিন্তু আমার রাইফেলই যথেষ্ট। কংগ্রেস ত্যাগের পর এই ভাষাতেই তাঁর পুরনো দলকে নিশানা করলেন প্রাক্তন মন্ত্রী গোলাম নবি আজাদ। তবে কংগ্রেসের বর্তমান নেতৃত্বকে সমালোচনা করলেও ইন্দিরা বা রাজীব গান্ধি নিয়ে কোনও বিরূপ মন্তব্য করেননি তিনি।

কংগ্রেস ছাড়ার পর জম্মুর ভাদেরায় প্রথম জনসভায় হাত শিবিরের নেতাদের কড়া সমালোচনা করেন  রাজ্যসভার প্রাক্তন বিরোধী দলনেতার। আজাদ বলেন, ‘কংগ্রেস আমার দিকে মিসাইল ছুড়ছে। কিন্তু আমার ৩০৩ রাইফেলই যথেষ্ট। আমি যদি মিসাইল ছুড়িও, তাহলে ওদের আর খুঁজে পাওয়া যাবে না।’ তবে কংগ্রেসের সমালোচনা করলেও ইন্দিরা বা রাজীব গান্ধি সম্পর্কে কোনও বিরূপ মন্তব্য করেননি তিনি। তাঁর কথায়, ‘ইন্দিরা ছিলেন আমার মায়ের মতো। আর রাজীব ছিলেন আমার ভাইয়ের মতো। ওদের বিরুদ্ধে কিছুই বলব না।’ নতুন দল গড়বেন বলে জানিয়ে এদিনও নতুন দলের নাম জানাননি আজাদ। তিনি বলেন, ‘দলের নাম আর প্রতীক জম্মু-কাশ্মীরের মানুষই ঠিক করে দেবেন। তবে দলের নাম অবশ্যই ভারতীয় হবে। জম্মু-কাশ্মীরের মর্যাদা ফিরিয়ে আনাই তাঁর প্রধান লক্ষ্য বলে জানান প্রাক্তন কংগ্রেস নেতা।

উল্লেখ্য, গতব ২৬ অগাস্ট কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সনিয়া গান্ধিকে পাঁচ পাতার চিঠি লিখে পাঁচ দশকের সম্পর্কের ইতি ঘটান গোলাম নবি আজাদ। চিঠিতে রাহুল গান্ধিকে কাঠগড়ায় তোলেন তিনি। পরে জানিয়ে দেন নতুন দল গড়বেন তিনি। আজাদ তলে তলে মোদির সঙ্গে যোগাযোগ রেখে চলছেন বলে অভিযোগ কংগ্রেসের।