নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আগামী ১৬ ডিসেম্বর থেকে ঢাকায় চালু হচ্ছে মেট্রো রেল (Metro Rail) । পাতালপথে যাত্রা করার জন্য কত গ্যাঁটের কড়ি খসাতে হবে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে আজ মঙ্গলবার মেট্রো রেলের ভাড়া প্রকাশ করলেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী (Road Transport And Bridges Minister) ওবায়দুল কাদের (Obaidul Quader)। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি জানান, মেট্রোয় পা দিলেই গুনতে হবে ২০ টাকা। অর্থা‍ৎ সর্বনিম্ম ভাড়া হচ্ছে ২০ টাকা। আর প্রতি কিলোমিটার যাওয়ার জন্য গুনতে হবে পাঁচ টাকা করে। আপাতত সর্বোচ্চ ভাড়া হচ্ছে ১০০ টাকা।

রাজধানীবাসীকে যানজটের যন্ত্রণা থেকে মুক্তি দিতে শুরু হচ্ছে মেট্রো রেল পরিষেবা। আপাতত প্রথম ধাপে উত্তরার দিয়াবাড়ি (Diyabari) থেকে কমলাপুর (Kamalapur) পর্যন্ত চলবে ট্রেন। মোট যাত্রা পথ ২১ দশমিক ২৬ কিলোমিটার। এদিন সড়ক পরিবহণ মন্ত্রী জানান, ‘মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা ও সর্বোচ্চ ভাড়া ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। দৈনিক টিকিটের পাশাপাশি সাপ্তাহিক বা মাসিক কার্ডের ব্যবস্থাও থাকবে। মাসিক কার্ডে পুরো মাসে যতবার খুশি ততবার যাতায়াত করা যাবে। একটি কার্ডে পরিবারের একাধিক সদস্য যাতায়াত করতে পারবেন। সাপ্তাহিক, মাসিক ও পারিবারিক কার্ডে বিশেষ ছাড়ের সুযোগ থাকছে।’

মুক্তিযোদ্ধারা (Liberation Warrior) বিনামূল্যেই মেট্রোরেলে (Metro Rail) ভ্রমণ করতে পারবেন বলে এদিন জানিয়েছেন মন্ত্রী। তবে শিক্ষার্থীদের (Students) কাছ থেকে কত ভাড়া নেওয়া হবে, সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। পড়ুয়াদের জন্য ২৫ থেকে ৫০ শতাংশ ছাড়ের কথা চিন্তাভাবনা করা হচ্ছে বলে সূত্রের খবর।